Logo
×

Follow Us

জাতীয়

রাষ্ট্রপতির সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

রাষ্ট্রপতির সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের সাথে ইরানের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং জনগণের সাথে জনগণের যোগাযোগের মধ্য দিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয় বলেও উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি ইরানের প্রখ্যাত কবি ও মনীষী ফেরদৌসি, শেখ সাদি, হাফিজ ও জালাল উদ্দিন রুমির সাহিত্যকর্মের কথা তুলে ধরে বলেন, তাদের সৃষ্টিশীলতা এ অঞ্চলের মানুষের চিন্তা ও সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা ও গানে ইরানের মানুষের প্রতি মমত্ববোধের বিষয়টিও উল্লেখ করেন তিনি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, এই সংঘাতের কারণে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলো জ্বালানি সংকটের মুখে পড়েছে। বিরোধ ও সংঘাতের সমাধানে সংলাপ, সমঝোতা এবং কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে শান্তিপূর্ণ নিষ্পত্তির পক্ষে বাংলাদেশের নীতিগত অবস্থানও পুনর্ব্যক্ত করেন তিনি।

ইরানে সংঘাতের কারণে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি।  ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দেশটির ভূখণ্ডে ইসরাইলি হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি। বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত দেশটির রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে একটি অভিনন্দনপত্র হস্তান্তর করেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে বাংলাদেশের গঠনমূলক ভূমিকারও প্রশংসা করেন তিনি।

এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের অংশগ্রহণের বিষয়টি কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন ইরানের রাষ্ট্রদূত। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারে একসাথে কাজ করার প্রত্যাশা জানান তিনি।

রাষ্ট্রপতি ইরানের রাষ্ট্রদূতকে দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তার দায়িত্বকাল দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরানি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন