প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি : আইএসপিআর
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের শুরুতে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। পরে বাংলাদেশ ও ভারতের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে সশস্ত্র বাহিনীর পেশাগত দক্ষতা বাড়াতে যৌথ প্রশিক্ষণ, সামরিক কর্মকর্তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বিনিময়, দুর্যোগ ব্যবস্থাপনা, আঞ্চলিক শান্তি এবং সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
বৈঠকে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের সরকারের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সামরিক ও কৌশলগত সম্পর্ককে ভারত অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখে।
দীনেশ ত্রিবেদী ভবিষ্যতে দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে পেশাগত সহযোগিতা আরো জোরদার, সক্ষমতা বৃদ্ধি এবং অভিন্ন নিরাপত্তা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একসাথে কাজ করার বিষয়ে ভারতের ধারাবাহিক সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও এগিয়ে নেয়া, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং অভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)