Logo
×

Follow Us

জাতীয়

পুলিশকে কোন বেআইনি নির্দেশনা দেবে না ইসি: নির্বাচন কমিশনার

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পিএম

পুলিশকে কোন বেআইনি নির্দেশনা দেবে না ইসি: নির্বাচন কমিশনার

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আসন্ন স্থানীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন পরিচালনার ক্ষেত্রে পুলিশকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেবে না কমিশন। একই সাথে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ওপর আস্থার কথাও জানিয়েছেন তিনি।

বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

এ এম এম নাসির উদ্দিন বলেন, স্থানীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ অঙ্গীকার রয়েছে। এ জন্য পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। তিনি বলেন, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের পাশাপাশি পুলিশেরও সাংবিধানিক ও আইনগত দায়িত্ব রয়েছে।

সিইসি বলেন, কমিশন থেকে পুলিশের কাছে কোনো বেআইনি নির্দেশনা যাবে না। পুলিশও একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দায়িত্বশীলভাবে কাজ করার আশ্বাস দিয়েছে।

বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময় যে পরিস্থিতি ছিল, বর্তমান অবস্থা তার চেয়ে খারাপ নয়। তাই পুলিশ বাহিনীর ওপর নির্বাচন কমিশনের আস্থা রয়েছে।

স্থানীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, বর্তমানে দেশে দলীয় সরকার থাকলেও সেটি গণতান্ত্রিক সরকার।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী পুলিশ দায়িত্ব পালন করবে।

গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারে কতটা অগ্রগতি হয়েছে—এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, তিনি মনে করেন এ ক্ষেত্রে পুলিশের সাফল্য শতভাগ।

রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। নির্বাচনি দায়িত্ব যথাযথভাবে পালনের প্রস্তুতি এবং আইনানুগভাবে দায়িত্ব সম্পাদনের বিষয়ও প্রশিক্ষণে গুরুত্ব পায়।

মন্তব্য করুন