১ অক্টোবর যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ প্রাথমিক শিক্ষক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ পিএম
১ অক্টোবর যোগ দেবেন ১৪ হাজার ৩৮৪ প্রাথমিক শিক্ষক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষক আগামী ১ অক্টোবর নিজ নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। পরে ৪ অক্টোবর তাদের সংশ্লিষ্ট বিদ্যালয়ে পদায়ন করা হবে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে তাঁর পক্ষে প্রশ্নের উত্তর দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শিক্ষামন্ত্রী জানান, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর আওতায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচিতরা ১ অক্টোবর ২০২৬ সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগ দেবেন। এরপর ৪ অক্টোবর তাঁদের নিজ নিজ বিদ্যালয়ে পদায়ন করা হবে।
এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য বর্তমানে ৩৬ হাজার ৯৬০টি পদ শূন্য রয়েছে বলেও সংসদে জানানো হয়েছে। এসব শূন্য পদ পূরণে পদোন্নতিযোগ্য প্রধান শিক্ষকদের নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে দায়ের করা রিট পিটিশন নম্বর ৭৩/২০২৩-এর মামলা নিষ্পত্তি হওয়ায় প্রধান শিক্ষক পদে পদোন্নতির মাধ্যমে শূন্য পদগুলো পূরণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)