ঢাকাতেও লোডশেডিং মেনে নিতে হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রাজধানী ঢাকাকে পুরোপুরি লোডশেডিংমুক্ত রাখার ধারণা থেকে সরকার সরে এসেছে। ফলে ঢাকাতেও কিছুটা লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, দেশের চলমান বিদ্যুৎ সংকটের অন্যতম প্রধান কারণ গ্যাসের ঘাটতি। গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হলে বর্তমানে যে লোডশেডিং দেখা যাচ্ছে, তা আর থাকবে না বলে আশা করা যায়।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ও দেশে বিদ্যুৎ ঘাটতি ও লোডশেডিং ছিল। তবে রাজধানী ঢাকায় সাধারণত লোডশেডিং দেওয়া হতো না। এর পেছনে ঢাকার মানুষের ‘ভয়েস’ বা প্রভাব এবং সামাজিক পুঁজি বেশি থাকার বিষয়টি ভূমিকা রেখেছে।
উপদেষ্টা বলেন, ঢাকার বাসিন্দারা দীর্ঘদিন লোডশেডিংয়ের বাইরে থাকায় তাদের মধ্যে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে রাজধানীকে আলাদা সুবিধা দেওয়ার একটি ধারণা তৈরি হয়েছে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে সেই ধারণা থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
তিনি বলেন, ঢাকা দেশের সবচেয়ে বড় শহর এবং এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিমাণও বেশি। এ কারণে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে রাজধানী কিছুটা অগ্রাধিকার পেতে পারে। কিন্তু ঢাকাকে সম্পূর্ণভাবে লোডশেডিংমুক্ত রাখার নীতি গ্রহণ করা উচিত নয়।
ডা. জাহেদ উর রহমান আরও বলেন, দেশের অন্যান্য এলাকার মতো ঢাকার মানুষকেও কিছুটা বিদ্যুৎ সংকট মেনে নিতে হবে। অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্ব বিবেচনায় রাজধানী অগ্রাধিকার পেলেও এখানে কোনো লোডশেডিং হবে না—এমন ধারণা থেকে সরে আসা জরুরি। এ কারণেই বর্তমানে ঢাকাতেও সীমিত পরিসরে লোডশেডিং হচ্ছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)