Logo
×

Follow Us

জাতীয়

ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের ভিসা সহজ করল চীন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পিএম

ক্যান্টন ফেয়ারে বাংলাদেশিদের ভিসা সহজ করল চীন

চীনের অন্যতম বৃহৎ বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ার

চীনের অন্যতম বৃহৎ বাণিজ্য মেলা ক্যান্টন ফেয়ারে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়েছে চীন। আসন্ন ১৪০তম চীন আমদানি ও রপ্তানি মেলা উপলক্ষে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এ বিশেষ ভিসা সুবিধা চালু করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চীনা দূতাবাস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তিন ধাপে চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কুয়াংতুংয়ের রাজধানী গুয়াংঝুতে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ার।

মেলায় অংশ নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ ভিসা সুবিধা দেওয়া হলেও আবেদন করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত মানতে হবে। ক্যান্টন ফেয়ারের ভিসার জন্য আবেদন করতে হলে মেলা কর্তৃপক্ষের দেওয়া আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

ভিসা আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে আবেদনকারীদের অনলাইন আবেদনের সাথে আগের ভিসা, ভ্রমণের রেকর্ড এবং নিজস্ব প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার আপলোড করার পরামর্শ দিয়েছে দূতাবাস। তবে গ্যারান্টি লেটারকে ঐচ্ছিক নথি হিসেবে উল্লেখ করা হয়েছে।

চীনা দূতাবাস সতর্ক করে জানিয়েছে, আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য থাকলে সেটি সরাসরি ফেরত দেয়া হবে। ভিসা পেতে বিলম্ব কিংবা ভ্রমণ পরিকল্পনায় জটিলতা এড়াতে অনলাইন ফরম যথাযথভাবে পূরণ করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া আমন্ত্রণপত্রে পরিবর্তন আনা, মিথ্যা তথ্য দেয়া কিংবা জাল কাগজপত্র জমা দিলে আবেদন স্থায়ীভাবে প্রত্যাখ্যান হতে পারে। আবেদনকারীদের নিজেদের আবেদন নিজেরাই সম্পন্ন করার পরামর্শ দিয়ে অন্য ব্যক্তি বা তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে ফরম পূরণ না করার জন্য সতর্ক করেছে দূতাবাস।

ভিসা সংক্রান্ত সেবা দেয়ার জন্য কোনো ব্যক্তি বা এজেন্সিকে অনুমোদন দেয়া হয়নি বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ‘নিশ্চিত ভিসা’, ‘ভিসা না হলে টাকা ফেরত’ বা ‘বিশেষ চ্যানেল’-এর মতো প্রলোভন দেখানো বিজ্ঞাপন থেকে সতর্ক থাকতে আবেদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছে চীনা দূতাবাস।

দূতাবাস আরও জানিয়েছে, চীনের আইন অনুযায়ী ভিসার মেয়াদ এবং দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়ার বিষয়টি কেবল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করে। তাই কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রভাব কিংবা বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিতে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইনানুগ ও স্বচ্ছ ভিসা সেবা নিশ্চিত করতে দূতাবাস প্রতিশ্রুতিবদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। কোনো কর্মকর্তা বা স্থানীয় কর্মী ব্যক্তিগত সুবিধা নেয়ার উদ্দেশ্যে প্রভাব খাটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে চীনা দূতাবাস।

মন্তব্য করুন