জাতিসংঘের অধিবেশন শুরু, সভাপতির দায়িত্বে খলিলুর রহমান
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৫ এএম
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। এবারের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চার দশক পর আবারও কোনো বাংলাদেশি বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান। এর আগে তিনি একটি মিডিয়া ব্রিফিংয়ে অংশ নেবেন। পরে রাত ১টার দিকে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি সভা পরিচালনা করবেন তিনি।
আগামী ২২ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকারপ্রধানদের বক্তব্যের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক। এ পর্বে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরবেন।
এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের ভোটে ড. খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। গোপন ব্যালটে অনুষ্ঠিত ওই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে আট ভোটের ব্যবধানে পরাজিত করেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য নতুন নয়। ১৯৮৬ সালে ইউএনজিএর ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী।
দীর্ঘ ৪০ বছর পর আবারও একজন বাংলাদেশি কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এর ফলে এবারের অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক উপস্থিতি ও নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পাবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)