Logo
×

Follow Us

জাতীয়

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯%

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ এএম

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে  সাক্ষরতার হার ৭৭.৯%

ছবিঃ বাসস

আজ ৮ সেপ্টেম্বর, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) নির্ধারিত এবারের প্রতিপাদ্যে সাক্ষরতাকে শুধু পড়া, লেখা ও গণনার মৌলিক দক্ষতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক উন্নয়ন, পরিবেশ সচেতনতা এবং টেকসই অর্থনৈতিক সমৃদ্ধির ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। *অর্থনৈতিক সমীক্ষা ২০২৫*-এর তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশে সাক্ষরতা বিস্তারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে এখনও বিপুলসংখ্যক মানুষ প্রয়োজনীয় শিক্ষা ও দক্ষতার সুযোগ থেকে বঞ্চিত। বিশেষ করে বিদ্যালয়ের বাইরে থাকা ও ঝরে পড়া শিশু-কিশোর, প্রান্তিক জনগোষ্ঠী এবং শিক্ষাবঞ্চিত প্রাপ্তবয়স্কদের সাক্ষরতার আওতায় আনা বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

মন্ত্রণালয়ের মতে, এখন শুধু বর্ণমালা ও মৌলিক পড়াশোনা শেখানো নয়, পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে প্রয়োগিক সাক্ষরতা, প্রযুক্তিগত দক্ষতা এবং প্রাক-বৃত্তিমূলক শিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার পাশাপাশি কর্মদক্ষতা বাড়িয়ে তাদের উন্নয়নের মূলধারায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে সর্বজনীন, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা এবং নিরক্ষরতা দূরীকরণকে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে। সেই সাংবিধানিক অঙ্গীকারের আলোকে প্রাথমিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক ও বয়স্ক শিক্ষা, জীবনদক্ষতা এবং কর্মমুখী প্রশিক্ষণের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

দিবসটি উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে কেন্দ্রীয় ও মাঠপর্যায়ে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মিলনায়তনে আলোচনা সভা ও ‘উপানুষ্ঠানিক শিক্ষা সম্মাননা’ প্রদান করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। অনুষ্ঠানে বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধিরাও বক্তব্য দেবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক মনোয়ারা ইশরাত। আলোচনা শেষে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।

কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসকের সমন্বয়ে আলোচনা সভা ও অন্যান্য আয়োজন করা হয়েছে। উপজেলা পর্যায়েও র‌্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন এনজিও নিজস্ব উদ্যোগেও দিবসটি পালন করছে।

নিরক্ষরতার বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির লক্ষ্যে ইউনেস্কো ১৯৬৭ সালে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে প্রতি বছর এ দিনে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত মানুষের অধিকার ও তাদের উন্নয়নের বিষয়টি সামনে আনা হয়।

মন্তব্য করুন