Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পিএম

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন

বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রটেকশন এগ্রিমেন্ট’ শীর্ষক চুক্তি স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন করা হয়। রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, হংকং বিশ্বের অন্যতম উন্নত ও উন্মুক্ত অর্থনৈতিক অঞ্চল। বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হংকংয়ের অবস্থান ষষ্ঠ। বাংলাদেশের তৈরি পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন খাতে হংকংয়ের বিনিয়োগকারীরা বিনিয়োগ করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইনভেস্টমেন্ট প্রমোশন অ্যান্ড প্রটেকশন এগ্রিমেন্ট’ দুই পক্ষের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নতুন বিনিয়োগ আকর্ষণে সহায়ক ভূমিকা পালন করবে। এর ফলে শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

চুক্তির আওতায় উভয় পক্ষের বিনিয়োগের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত হবে। একই সঙ্গে চুক্তিটি বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বাণিজ্য এবং সামগ্রিক অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খসড়া চুক্তি অনুযায়ী, এর মেয়াদ হবে ১০ বছর। তবে চুক্তি স্বাক্ষরের তিন বছর পর উভয় পক্ষ পারস্পরিক সম্মতির ভিত্তিতে চুক্তিটি সংশোধন করতে পারবে। এ-সংক্রান্ত বিধানও খসড়া চুক্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

চুক্তিটি স্বাক্ষরিত হলে বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বৈদেশিক বিনিয়োগের প্রবাহ বাড়ানোর জন্য একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

মন্তব্য করুন