প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার সাথে সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম
ছবিঃ বাসস
বাংলাদেশ ও ভারতের পারস্পরিক যোগাযোগ বাড়ানো এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বারোপ করা হয়েছে। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে ভারতীয় হাইকমিশনার ফুল দিয়ে উপদেষ্টাকে শুভেচ্ছা জানান এবং পরে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন।
বৈঠকে ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশ ও ভারত দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন। একই সাথে তিনি দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানো এবং গঙ্গার পানিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন।
জনপ্রশাসন উপদেষ্টা বলেন, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরো বিস্তৃত করা প্রয়োজন। বর্তমান ভারতীয় হাইকমিশনারের দক্ষ নেতৃত্বে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাতে দীনেশ ত্রিবেদী বাংলাদেশ ও ভারতের অভিন্ন সংস্কৃতি এবং দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি ভারতে বাংলাদেশি ইলিশের ব্যাপক চাহিদার বিষয়টিও উল্লেখ করেন। পাশাপাশি বাংলাদেশের কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণের জন্য পাঠানোর অনুরোধ জানান তিনি।
দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের জনপ্রশাসনের মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পুনরায় চালুর ওপর তিনি গুরুত্ব দেন।
দীনেশ ত্রিবেদী বলেন, জনগণের স্বার্থেই বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও সামনে এগিয়ে নেওয়া প্রয়োজন। এ সময় ভারতীয় হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)