Logo
×

Follow Us

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকায় জাপান সরকারকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পিএম

রোহিঙ্গা প্রত্যাবাসনে পাশে থাকায় জাপান সরকারকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা সংকটের সমাধান, প্রত্যাবাসন ও পুনর্বাসন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সাহাদাৎ স্বাধীন জানান, বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদে ফেরত পাঠানো এবং মিয়ানমারে তাদের পুনর্বাসনসহ সংকটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মতো জনবহুল একটি দেশ দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেয়ায় দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। এ সংকটের দ্রুত ও টেকসই সমাধানের প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

সাহাদাৎ স্বাধীন বলেন, জাপানের বিশেষ দূত জানিয়েছেন, রোহিঙ্গা সংকট নিয়ে তিনি মিয়ানমারের প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছেন। তার মতে, সংকট সমাধানে মিয়ানমার সরকার আন্তরিক। তবে রাখাইন রাজ্যের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসনের অগ্রগতিতে সময় লাগছে।

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের বিশেষ দূতকে তার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও তিনি জানান।

প্রধানমন্ত্রী বলেন, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক ক্ষেত্রে জীবনমান উন্নয়নের সুযোগ তৈরি হবে। তাই প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী।

বৈঠকে জাপানের মানবিক সহযোগিতার বিষয়টিও উঠে আসে। সাসাকাওয়া রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশের ওপর তৈরি হওয়া চাপের কথা উল্লেখ করেন এবং রোহিঙ্গাদের জন্য জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহায়তার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।

রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাপানের পাশে থাকার জন্য দেশটির সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একইসাথে ইয়োহেই সাসাকাওয়ার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বাংলাদেশ সফরের জন্য তাকে ধন্যবাদ জানান তিনি।

সাসাকাওয়া প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন, রোহিঙ্গা সংকট সমাধানে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন। বৈঠকে সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের দ্বিপক্ষীয় উদ্যোগের পাশাপাশি বহুপক্ষীয় সহযোগিতা এবং আন্তর্জাতিক সম্পৃক্ততা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগের বিষয়টিও গুরুত্ব পায়। প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ জাপানের বিনিয়োগ পেতে আগ্রহী এবং বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে।

এ সময় বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র স্থাপনে সহযোগিতার জন্য জাপানের বিশেষ দূতের সহায়তা চান প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন সাসাকাওয়া।

এছাড়া মিয়ানমারের সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার আগ্রহের কথাও বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ইয়োহেই সাসাকাওয়া প্রায় পাঁচ দশক ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। তিনি মিয়ানমারে জাতীয় পুনর্মিলনবিষয়ক জাপান সরকারের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন