ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পিএম
ছবি: পিআইডি
ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। জেলার সদর উপজেলার জামালপুর এলাকায় ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রায় ৮৬ একর জমির ওপর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হচ্ছে। রাষ্ট্রপতি বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া একটি প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি বলেন, দেশে সংঘাতের পরিবর্তে সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষা গ্রহণের প্রতিষ্ঠান নয়; এটি জ্ঞানচর্চা, গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত উচ্চশিক্ষার সুযোগ বাড়াবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, নতুন এই বিশ্ববিদ্যালয় জাতীয় উন্নয়নের জন্য দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক গড়ে তুলতে ভূমিকা রাখবে। একই সঙ্গে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার পাশাপাশি অবকাঠামোর মান নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি।
ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচনের পর বিশ্ববিদ্যালয়ের সার্বিক সাফল্য ও উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় শিক্ষা খাতের উন্নয়নে সরকারের অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সাথে উপস্থিত ছিলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. মামুন আহমেদ এবং ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইসরাফিলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিশিষ্ট নাগরিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)