পিএসসির চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম
সংগৃহীত ছবি
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
আজ অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।
এর আগে গত ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব মো. গোলাম রাব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এই দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, ততদিন তিনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।
নতুন চেয়ারম্যানের শপথ গ্রহণের মধ্য দিয়ে পিএসসির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে নতুন অধ্যায়ের সূচনা হলো।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)