দেশের জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান চিফ হুইপের
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বাংলাদেশের জনমিতিক লভ্যাংশের সুফল পেতে কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ, শিক্ষিত ও উৎপাদনশীল মানবসম্পদে রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, যথাযথ শিক্ষা, কারিগরি জ্ঞান ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে যুক্ত করা গেলে দেশের অর্থনৈতিক অগ্রগতি আরও ত্বরান্বিত হবে।
জাতীয় সংসদের শপথ কক্ষে জাতীয় সংসদ সচিবালয় ও ইউএনএফপিএ বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পার্লামেন্টস রোল ইন রিয়্যালাইজিং পপুলেশন ডিভিডেন্টস, এসডিজিস অ্যান্ড আইসিপিডিস কমিটমেন্টস’ শীর্ষক কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘স্ট্রেনদেনিং পার্লামেন্টস ক্যাপাসিটি ইন ইন্টিগ্রেশন অব পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ইস্যুস (এসপিসিপিডি)’ প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনএফপিএ বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং।
নূরুল ইসলাম মনি বলেন, কোনো দেশের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যই অর্থনৈতিক সমৃদ্ধির একমাত্র ভিত্তি নয়; একটি দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো দক্ষ ও শিক্ষিত জনগোষ্ঠী। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বিপুল কর্মক্ষম মানুষকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। কারণ দক্ষ, শিক্ষিত ও উৎপাদনশীল জনগোষ্ঠীই টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রধান শক্তি।
তিনি বলেন, আগামী প্রায় এক দশক বাংলাদেশের জন্য জনমিতিক লভ্যাংশ কাজে লাগানোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ও সক্ষমতাকে অর্থনৈতিক শক্তিতে রূপান্তর করতে হবে। শিক্ষা, দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর ওপরই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতি অনেকাংশে নির্ভর করছে।
চিফ হুইপ বলেন, জনমিতিক লভ্যাংশের সুফল পাওয়ার পথে বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন, শিক্ষার সুযোগ, বিনিয়োগ ও কর্মসংস্থানসহ নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধানে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। জনগণের প্রতিনিধি হিসেবে জনসংখ্যা ও উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে তাদের সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ।
বিদেশে কর্মসংস্থানের বিষয়টি তুলে ধরে নূরুল ইসলাম মনি বলেন, শুধু বিদেশে কর্মী পাঠালেই হবে না, তাদের দক্ষতা ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে। দক্ষ কর্মীরা আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের অবদান রাখার পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা পাঠাবেন। এতে রেমিট্যান্স প্রবাহ বাড়ার সঙ্গে দেশের অর্থনীতিও আরও শক্তিশালী হবে।
তিনি মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের আরও কার্যকর সহযোগিতা করার আহ্বান জানান। একই সাথে শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার প্রসারে গুরুত্ব দিয়ে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে পারলে দেশে কর্মসংস্থানের সুযোগ বাড়বে এবং একই সঙ্গে উৎপাদনশীলতা ও রেমিট্যান্স প্রবাহও বৃদ্ধি পাবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)