Logo
×

Follow Us

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন ১ লাখ টাকা করে

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ শিক্ষক পাবেন ১ লাখ টাকা করে

ছবিঃ বাসস

শিক্ষকদের কাজের স্বীকৃতি ও মর্যাদা বাড়াতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন।

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে জাতীয় স্টিয়ারিং কমিটির প্রথম সভা শুরুর আগে সাংবাদিকদের এ পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী।

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি শিক্ষক সমাজ। মাঠপর্যায়ে যারা দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করছেন, তাদের যথাযথ স্বীকৃতি, পুরস্কার ও উৎসাহ দেওয়া সরকারের অন্যতম লক্ষ্য। আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে দেশের শিক্ষকদের অবদান স্মরণ করে তাদের সম্মানিত করা হবে।

শিক্ষামন্ত্রী জানান, সেরা শিক্ষক বাছাইয়ের জন্য একটি নীতিমালা চূড়ান্ত করার কাজ চলছে। এর আগে ১২ জন শিক্ষককে ২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা পুরস্কার দেওয়া হতো। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার পুরস্কারের পরিধি বাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলের দক্ষ ও গুণী শিক্ষকদের মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাছাই করা ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়া হবে।

শিক্ষকদের আচরণবিধি নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষিত ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে শিক্ষকরা সমাজকে আলোকিত করেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষাব্যবস্থার ভাবমূর্তি রক্ষায় আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে প্রয়োজনীয় নীতিমালা ও নির্দেশিকা পর্যালোচনা করা হচ্ছে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের বকেয়া পাওনা প্রসঙ্গে তিনি বলেন, ২০১৬ সাল থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত শিক্ষকদের নিজস্ব কন্ট্রিবিউশনের বকেয়া অংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা থাকা অবশিষ্ট অনুদানের অর্থও ধাপে ধাপে পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক বলেন, নতুন পে স্কেলে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে কাজ চলছে। সরকারি কর্মচারীরা যে হারে সুবিধা পাবেন, শিক্ষকরাও সেই অনুপাতে সুবিধা পাবেন।

জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন