রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার হুমকি উল্লেখ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোহিঙ্গা সংকট এখন আর কেবল মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থানের কারণে দেশের ওপর চাপ বাড়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে বলে জানান তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হয়ে নয় বছরের বেশি সময়ের দিকে এগোচ্ছে। তাই শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ রাখলে হবে না। রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের নিজ দেশে ফেরানোর উদ্যোগকে অগ্রাধিকার দিতে হবে। এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন কৌশল নির্ধারণ প্রয়োজন।
তিনি বলেন, রোহিঙ্গাদের মর্যাদার সঙ্গে নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহযোগিতা জরুরি। বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সংকটের কারণে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগের বাইরে চলে না যায়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘ, প্রভাবশালী রাষ্ট্র এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে।
প্রায় ১৫ লাখ রোহিঙ্গার নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও জোরালোভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য প্রত্যাবাসন প্রক্রিয়ায় আন্তর্জাতিক চাপ ও সহযোগিতা অব্যাহত রাখতে হবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)