ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পিএম
ছবিঃ পি এম ও অফিস
ডেঙ্গুর বিস্তার রোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গু পরিস্থিতি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত অপসারণ, আবর্জনা পরিষ্কার করা এবং মশার প্রজননস্থল তৈরি হতে না দেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের যুক্ত করার কথাও বলেন তিনি। স্থানীয় পর্যায়ে এসব সংগঠনের সদস্যদের কাজে লাগিয়ে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ওপর জোর দেওয়া হয়।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পায়। হাসপাতালে ভর্তি রোগীদের ব্যবহারের জন্য মশারি সরবরাহের বিষয়েও আলোচনা হয়। এর মাধ্যমে আক্রান্ত রোগীকে মশা কামড়ানোর পর অন্য ব্যক্তির মধ্যে ডেঙ্গু ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি কমানো সম্ভব হবে বলে সভায় গুরুত্ব দেওয়া হয়।
ডেঙ্গু মোকাবিলায় গৃহীত সিদ্ধান্তগুলো কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে মাঠপর্যায়ে বাস্তবায়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সিদ্ধান্তের কার্যকর প্রতিফলন মাঠে দৃশ্যমান হতে হবে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থাকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট সব সংস্থা ও প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশও দেওয়া হয়। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়াতে ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি চালানোর ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)