সংগৃহীত ছবি
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে চিহ্নিত ৪৮টি অশুল্ক বাধা বা নন-ট্যারিফ ব্যারিয়ার ইতোমধ্যে সমাধান করা হয়েছে। আরও ১৩টি অশুল্ক বাধা দূর করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে ইইউর বাংলাদেশ প্রতিনিধিদলের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, ইইউর পক্ষ থেকে বাংলাদেশের বাণিজ্য নিয়ে আগে যেসব অশুল্ক বাধার বিষয় তুলে ধরা হয়েছিল, তার মধ্যে ৪৮টির সমাধান হয়েছে। বাকি ১৩টি বিষয় নিয়েও কাজ চলছে।
এ সময় স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা আরও তিন বছর পিছিয়ে দেওয়ার আবেদনে ইইউর আনুষ্ঠানিক সমর্থন চাওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। বাংলাদেশের পক্ষ থেকে আশা করা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন এ প্রস্তাবকে সমর্থন করবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের সময়সীমা পেছানোর বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে চলতি মাসেই সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। এ কারণে বাংলাদেশের প্রস্তাবের পক্ষে ইইউর সহযোগিতা চাওয়া হয়েছে।
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে। ইইউর সঙ্গে এফটিএ স্বাক্ষরের বিষয়ে আলোচনা শুরুর উদ্যোগ শিগগিরই বাস্তব রূপ পেতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, এফটিএ নিয়ে আলোচনা শুরু হলে দুই পক্ষের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে ইউরোপীয় বাজারের গুরুত্ব বিবেচনায় নিয়ে বিদ্যমান বাণিজ্য বাধাগুলো দূর করার কাজও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)