Logo
×

Follow Us

জাতীয়

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পিএম

পেপারবিহীন সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ই-পার্লামেন্ট চালুর উদ্যোগ

ছবি: জাতীয় সংসদ

পেপারবিহীন ও প্রযুক্তিনির্ভর সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে *ই-পার্লামেন্ট সিস্টেম* চালুর উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদ। এর মাধ্যমে সংসদীয় নথি ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ ও তথ্য আদান-প্রদানের কার্যক্রম আরও দ্রুত ও সহজ করার পরিকল্পনা রয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) এ বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ব্যারিস্টার কায়সার কামালসহ কমিটির সদস্য নায়াব ইউসুফ আহমেদ ও এ বি এম মোশাররফ হোসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় সংসদকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ই-পার্লামেন্ট ব্যবস্থা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে সেপ্টেম্বরের শেষ দিকে প্রস্তাবিত ই-পার্লামেন্ট সিস্টেম নিয়ে একটি বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়ার নির্দেশনা দেন স্পিকার। এতে সিস্টেমটির কার্যপ্রণালি, প্রযুক্তিগত সক্ষমতা, বাস্তবায়ন পরিকল্পনা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয় তুলে ধরা হবে।

প্রস্তাবিত ই-পার্লামেন্ট ব্যবস্থায় বাংলা ও ইংরেজি—দুই ভাষার সংস্করণ রাখার পরিকল্পনা রয়েছে। এর ফলে সংসদীয় নথি ডিজিটালভাবে ব্যবস্থাপনা ও সংরক্ষণ করা যাবে এবং প্রয়োজনীয় তথ্য দ্রুত আদান-প্রদান সম্ভব হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, ই-পার্লামেন্ট ব্যবস্থা বাস্তবায়িত হলে সংসদের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে। একই সাথে কাগজের ব্যবহার কমিয়ে সংসদীয় কার্যক্রমকে আধুনিক প্রযুক্তির সঙ্গে আরও বেশি সমন্বিত করার সুযোগ তৈরি হবে।

মন্তব্য করুন