Logo
×

Follow Us

জাতীয়

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পিএম

নদী রক্ষায় সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে নদী দখল ও দূষণ রোধে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে রাজধানীর চারপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য অপসারণ, নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনা, নাব্যতা বজায় রাখা এবং বৃত্তাকার নৌপথের উন্নয়ন নিয়ে আয়োজিত পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় বুড়িগঙ্গা, তুরাগ, ধলেশ্বরী, বালু ও শীতলক্ষ্যা নদী এবং এসব নদীর সঙ্গে সংযুক্ত খাল ও ড্রেনের দূষণ নিয়ন্ত্রণের বিষয়গুলো পর্যালোচনা করা হয়। পাশাপাশি নদ-নদীর বর্জ্য অপসারণ, পানির স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা নিশ্চিত করা এবং ঢাকার চারপাশের বিদ্যমান বৃত্তাকার নৌপথ উন্নয়নের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।

পর্যালোচনা সভায় নেওয়া পরিকল্পনাগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মধ্যে যথাযথ সমন্বয় নিশ্চিত করে কাজ এগিয়ে নেওয়ার ওপরও তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, শুধু নিজেদের জন্য নয়, পরবর্তী প্রজন্মের জন্যও দূষণমুক্ত নদী ও একটি বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার চেষ্টা করতে হবে। এ কাজে কেবল সরকারি নির্দেশনার অপেক্ষায় না থেকে প্রত্যেককে ব্যক্তিগত দায়িত্ববোধ থেকে ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান উপস্থিত ছিলেন।

এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস সভায় অংশ নেন।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন