Logo
×

Follow Us

জাতীয়

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ের পথে মির্জা ফখরুল

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ের পথে মির্জা ফখরুল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুই দিনের সরকারি সফরে রোববার (৬ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও পৌঁছে তিনি নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার পাশাপাশি মা-বাবার কবর জিয়ারত এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতির। সফরকে ঘিরে ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রোববার বেলা পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করবেন মির্জা ফখরুল। সেখান থেকে তিনি সার্কিট হাউসে যাবেন এবং গার্ড অব অনার গ্রহণ করবেন।

পরে শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

সংবর্ধনা শেষে নিজ বাড়িতে যাবেন মির্জা ফখরুল। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। রাতেও নিজ বাড়িতে অবস্থান করবেন রাষ্ট্রপতি।

সোমবার সকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সাথে সাক্ষাৎ শেষে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মির্জা ফখরুল। কর্মসূচি শেষে সার্কিট হাউসে ফিরে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তাঁর।

রাষ্ট্রপতির প্রথম নিজ জেলা সফরকে কেন্দ্র করে কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ে ব্যাপক প্রস্তুতি চলছে। শহরের বিভিন্ন স্থানে তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকাগুলো পরিচ্ছন্ন করা হয়েছে। সফর উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থাও।

রাষ্ট্রপতির কর্মসূচির স্থান, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। এর এক দিন আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পেয়েছিলেন ৮৮ ভোট।

রাষ্ট্রপতি হওয়ার আগে দীর্ঘদিন বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন মির্জা ফখরুল। চলতি বছরের জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত হয়ে তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব নেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর সংসদীয় আসনটি শূন্য হয়।

ঠাকুরগাঁওয়েই জন্ম ও বেড়ে ওঠা মির্জা ফখরুলের। শহরের কালীবাড়ী এলাকায় তাঁর শৈশব ও কৈশোরের উল্লেখযোগ্য সময় কেটেছে। রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর নিজ জেলা ও শৈশবের শহরে এটিই তাঁর প্রথম সফর।

মন্তব্য করুন