'চলমান সংকটকে পূঁজি করে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির পায়তারা করছে'
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
ছবি: পিএমও
দেশের চলমান সংকটকে পূঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই অভিযোগ করেন।
প্রধানমন্ত্রী বলেন, গত কিছুদিন ধরে আমরা খেয়াল করছি, যেসকল সমস্যা আমরা ইনহেরিট করেছি, স্বৈরাচার আমলেই হোক অথবা অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়ার সমস্যাই হোক না কেন সে সকল সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি। সমস্যা নেই আমরা কখনোই বলছি না… সমস্যা আছে। অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু এসব সমস্যাগুলোকে পুঁজি করে আমরা খেয়াল করছি যে, কিছু রাজনৈতিক দল কিছু ব্যক্তি বিভিন্নভাবে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছেন এবং বিভ্রান্তি তৈরির মাধ্যমে দেশে একটি অরাজগতা তৈরি করার চেষ্টা করছেন। যারা বিভ্রান্ত তৈরির চেষ্টা করছেন, যারা অরাজগতা তৈরি করার চেষ্টা করছেন বিভ্রান্তি ছড়ার মাধ্যমে।
এই ব্যাপারে সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই যে অবশ্যই বাংলাদেশের জনগণ এই সরকারকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার। অবশ্যই আমরা গণতন্ত্রের ধারাকে সমুন্নত রাখবো। গণতান্ত্রিক যেটি নীতি-নৈতিকতা আছে আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আপহোল্ড করার জন্য।
তিনি বলেন, কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে আইনে বলা আছে কীভাবে তা নিয়ন্ত্রণ করতে হয়। প্রত্যেককে নিজ নিজ সীমার মধ্যে থাকা দরকার। কাজেই সরকার হিসেবে এবং শুধু সরকার হিসেবে নয়, জনগনের দ্বারা একটি নির্বাচিত সরকার হিসেবে পরিস্কারভাবে বলতে চাই, প্রত্যেকে প্রত্যেকের সীমার মধ্যে থাকা দরকার।
বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই আলোচনা সভা হয়। আলোচনার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের চেয়ারম্যান খালেদা জিয়াসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
জ্বালানি সংকট ও বিদ্যুতের দুর্ভোগের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, আমরা একটি ভঙ্গুর অর্থনীতি ও জ্বালানি ব্যবস্থা ইনহেরিট করেছি। বিদ্যুতের কষ্টে থাকা সাধারণ মানুষ ও শিল্পমালিকদের কাছে দলের পক্ষ থেকে আমি দুঃখ প্রকাশ করছি। তবে আমরা শুধু এক্সকিউজ দিতে চাই না। ভবিষ্যতে যাতে এই সংকট আর না হয়, সেভাবেই সরকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।
প্রথমে জাতীয় সঙ্গীত এবং পরে দলীয় সঙ্গীত পরিবেশনার জাতীয়তাবাদী দলের ওপরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠা করেন। দিবসটি পালনের গত মঙ্গলবার পাঁচ দিনের যে কেন্দ্রীয় কর্মসূচি শুরু হয়েছিলো তার এই আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হলো।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)