জ্বালানির বিকল্প উৎস খুঁজছে সরকার: শামা ওবায়েদ
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
দেশের জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজন হলে আফ্রিকার বিভিন্ন দেশ থেকেও জ্বালানি আমদানি করা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
শামা ওবায়েদ ইসলাম বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সম্ভাব্য সব বিকল্প উৎস বিবেচনা করছে। প্রয়োজন অনুযায়ী আফ্রিকা থেকেও জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হতে পারে।
রপ্তানি খাতে বৈচিত্র্য আনার ওপর সরকারের গুরুত্বারোপের কথা জানিয়ে তিনি বলেন, তৈরি পোশাকের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য নিয়েও কাজ করা হচ্ছে। দেশের রপ্তানি পণ্যের পরিধি বাড়িয়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছরের অত্যাচার-অনাচারের পর বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে এসেছে। দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের অধীনে প্রধানমন্ত্রী প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন।
বিনিয়োগ সহজ করতে ডিজিটাল সেবা সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। শামা ওবায়েদ বলেন, কোম্পানি নিবন্ধনসহ বিনিয়োগসংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় কাজ যাতে অনলাইনে সহজে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে ডিজিটাল সেবা আরও বিস্তৃত করা হচ্ছে।
বিদেশি বিনিয়োগের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের দেশে বিনিয়োগে উৎসাহিত করতে উপযুক্ত পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা, যেখানে বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসী বাংলাদেশিরা স্বাচ্ছন্দ্যে বিনিয়োগ করতে পারেন।
বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের সময় দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের নাজুক পরিস্থিতির কথাও উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি ও বিপর্যস্ত ব্যাংকিং খাতকে পুনরুদ্ধার করে সঠিক পথে ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। একই সঙ্গে ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে শুধু বিদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানালেই হবে না; বিনিয়োগের জন্য প্রয়োজনীয় পরিবেশও নিশ্চিত করতে হবে। সরকার সেই পরিবেশ তৈরির লক্ষ্যেই কাজ করছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)