Logo
×

Follow Us

জাতীয়

৭ মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, যে ব্যাখ্যা দিলো পুলিশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

৭ মাসে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ, যে ব্যাখ্যা দিলো পুলিশ

ছবি: সংগৃহীত

২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে শিশু নিখোঁজ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছে পুলিশ। 

পুলিশ সদরদপ্তর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খবরে নিখোঁজ শিশুদের কতজন উদ্ধার হয়েছে বা পরিবারের কাছে ফিরে এসেছে এসব তথ্য উল্লেখ না থাকায় শিশু নিখোঁজের পূর্ণাঙ্গ চিত্র প্রতিফলিত হয়নি। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজ হয়েছে-এমন খবর প্রকাশের পর পুলিশ হেডকোয়ার্টার্স বিষয়টি স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে যাচাই-বাছাই করে। 

পুলিশের হিসাব অনুযায়ী, নিখোঁজ হওয়া শিশুদের মধ্যে ১০ থেকে ১৭ বছর বয়সীদের সংখ্যাই সবচেয়ে বেশি। এই বয়সসীমার ১৫ হাজার ২৪৩টি শিশু নিখোঁজের জিডি হয়েছে, যার মধ্যে উদ্ধার হয়েছে ১৩ হাজার ২৭৩ জন এবং এখনো নিখোঁজ রয়েছে ১ হাজার ৯৭০ জন। 

অন্যদিকে, শূন্য থেকে ৯ বছর বয়সী ৪৭৪টি শিশুর নিখোঁজের জিডি হয়েছে; এর মধ্যে ৪০৬ জন উদ্ধার হলেও এখনো ৬৮ জন শিশু নিখোঁজ রয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই তিন বছরে দেশে মোট ৫৬ হাজার ৭৭২টি শিশু নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে ২০২৩ সালে ১৭,৮০৮টি এবং ২০২৪ সালে ১৬,৪১৪টি নিখোঁজের জিডি হয়েছিল। তবে ২০২৫ সালে এই সংখ্যা একলাফে বেড়ে ২২,৫৫০-এ দাঁড়ায়। আর চলতি সালের প্রথম সাত মাসে এই সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭১৭টিতে।

পুলিশ জানায়, অনলাইনে জিডি করার সুবিধা চালু হওয়ার পর থেকে সাধারণ ডায়েরির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তাই নিখোঁজের জিডির সংখ্যার পাশাপাশি উদ্ধার হওয়া শিশুদের হিসাবও বিবেচনায় নেওয়া প্রয়োজন।

পুলিশের যাচাইয়ে দেখা গেছে, ৯ বছর পর্যন্ত শিশুদের নিখোঁজ হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে পথ হারিয়ে ফেলা, পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে না পারা এবং একা বাড়ি ফেরার সময় অন্যত্র চলে যাওয়া।

অন্যদিকে ১০ থেকে ১৭ বছর বয়সীদের ক্ষেত্রে অভিমান, পড়ালেখার চাপ, পারিবারিক কলহ, বন্ধু বা সহপাঠীদের প্রভাব, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা এবং পরিবারের কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা আদায়ের চেষ্টা অন্যতম কারণ হিসেবে কাজ করে।

বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর উল্লেখ করেছে, শুধু নিখোঁজের মোট সংখ্যা প্রকাশ করলে পরিস্থিতির প্রকৃত চিত্র স্পষ্ট হয় না। তাই উদ্ধার হওয়া এবং এখনো নিখোঁজ থাকা শিশুদের তথ্যও একইসাথে তুলে ধরা প্রয়োজন।

পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শিশু নিখোঁজের জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০।

মন্তব্য করুন