Logo
×

Follow Us

জাতীয়

ইস্টার্ন রিফাইনারিতে আইডিবির ১০৪ কোটি ডলার অর্থায়ন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পিএম

ইস্টার্ন রিফাইনারিতে আইডিবির ১০৪ কোটি ডলার অর্থায়ন

সংগৃহীত ছবি

দেশের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করা এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে। এ অর্থায়নের মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ লক্ষ্যে বাংলাদেশ সরকার ও আইডিবির মধ্যে ‘মডার্নাইজেশন অ্যান্ড এক্সপ্যানশন অব ইস্টার্ন রিফাইনারি ইন বাংলাদেশ’ প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষর হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ মিজানুর রহমান এবং আইডিবির পক্ষে কান্ট্রি প্রোগ্রামস বিভাগের মহাপরিচালক আনাস আইসামি চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের উপস্থিত ছিলেন। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রকল্পটি বাস্তবায়ন করবে।

সরকারি সূত্র জানিয়েছে, বাংলাদেশে কোনো একক প্রকল্পে আইডিবির এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ অর্থায়ন। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে আইডিবির দীর্ঘদিনের উন্নয়ন সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ইস্টার্ন রিফাইনারির বার্ষিক অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা বর্তমান ১৫ লাখ মেট্রিক টন থেকে বেড়ে ৪৫ লাখ মেট্রিক টনে দাঁড়াবে। এতে দেশে জ্বালানি তেলের সরবরাহ ও জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব ইউরো-৫ মানের পেট্রোলিয়াম পণ্য উৎপাদনের সক্ষমতাও তৈরি হবে। একই সঙ্গে পরিশোধিত জ্বালানি তেল আমদানির ওপর দেশের নির্ভরতা কমানোর সুযোগ তৈরি হবে।

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী আইডিবি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন খাতে দেশের আর্থসামাজিক উন্নয়নে অর্থায়ন করে আসছে। অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতে অর্থায়ন এবং রপ্তানি ঋণ গ্যারান্টিসহ বিভিন্ন ব্যবস্থায় সংস্থাটি বাংলাদেশকে সহায়তা দিয়ে আসছে।

অর্থায়ন চুক্তি স্বাক্ষরের পর আইডিবি গ্রুপের চেয়ারম্যান ড. মোহাম্মদ আল জাসের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে আইডিবির সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী সহজ শর্তে অর্থায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশ ও আইডিবির মধ্যকার সহযোগিতার সম্পর্ক আরও গভীর করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

মন্তব্য করুন