দুই সপ্তাহে বিদ্যুৎ-জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: জ্বালানি প্রতিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পিএম
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
আগামী দুই সপ্তাহের মধ্যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, চলতি সেপ্টেম্বরের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে উল্লেখযোগ্য অগ্রগতি আসবে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে শিগগিরই চুক্তি স্বাক্ষর হবে। ইউনিটটি চালু হলে দেশে অপরিশোধিত জ্বালানি তেল বা ক্রুড ওয়েল শোধনের সক্ষমতা বাড়বে। এতে বছরে প্রায় ৪৫ লাখ টন ক্রুড ওয়েল পরিশোধন করা সম্ভব হবে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, পায়রা ও রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু হলে শিল্পকারখানা ও আবাসিক গ্রাহকদের বিদ্যুৎ সংকট অনেকটাই কমে আসবে। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌরবিদ্যুৎ বা রুফটপ সোলার ব্যবস্থাকে উৎসাহিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী জানান, কোনো গ্রাহক বা প্রতিষ্ঠান নিজস্ব প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে পারলে সরকার তা ভালো দামে কিনে নেওয়ার উদ্যোগ নেবে।
কাতারের সাথে জ্বালানি সরবরাহের চুক্তির বিষয়েও কথা বলেন অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, কাতারের সঙ্গে বাংলাদেশের চুক্তি রয়েছে। সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে কাতার থেকে জ্বালানি সরবরাহও স্বাভাবিক হয়ে যাবে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)