আগামী বছর দুই পর্বে বিশ্ব ইজতেমা, তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুই পর্বের ইজতেমাই টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে ৮ জানুয়ারি শুক্রবার এবং শেষ হবে ১০ জানুয়ারি রোববার। এক সপ্তাহের ব্যবধানে ১৫ জানুয়ারি শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব, যা শেষ হবে ১৭ জানুয়ারি রোববার।
তিনি বলেন, প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারীরা এবং দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ চূড়ান্ত করা হয়েছে।
এদিকে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আসার বিষয়টি ভিসা নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
দুই পক্ষের অনুসারীদের অংশগ্রহণে ইজতেমার আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলে জানান তিনি।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)