Logo
×

Follow Us

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ

সংগৃহীত ছবি

আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বঙ্গভবনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতি বলেন, অপরাধ দমনে পুলিশকে কঠোর অবস্থান নিতে হবে। একই সাথে নিরপরাধ ও সাধারণ মানুষের সঙ্গে ন্যায়সঙ্গত ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত নেওয়ার জন্যও তিনি পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেন।

অপতথ্য, মিথ্যা তথ্য ও গুজব ছড়ানো বন্ধের পাশাপাশি সাইবার অপরাধ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে ছিনতাই, চাঁদাবাজি ও মাদকের বিস্তার রোধ এবং নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে নিয়মিত তথ্য প্রকাশ ও ব্যাপক প্রচারের ওপরও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি।

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার মানুষের মৌলিক মানবাধিকার ও গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে কাজ করছে। এ অবস্থায় বিচারবহির্ভূত হত্যা, জনগণকে হয়রানি এবং মিথ্যা মামলা বন্ধে কার্যকর পদক্ষেপ অব্যাহত রাখতে পুলিশ বাহিনীকে নির্দেশনা দেন তিনি।

সাক্ষাতে আইজিপি পুলিশ বাহিনীর মনোবল আরও দৃঢ় করা, আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনের জন্য নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি।

রাষ্ট্রপতি পুলিশ বাহিনীর কার্যক্রমে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন