Logo
×

Follow Us

জাতীয়

সুবিধামতো সময়েই ভারতে যাবেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পিএম

সুবিধামতো সময়েই ভারতে যাবেন প্রধানমন্ত্রী: চিফ হুইপ

চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের সুবিধা ও প্রয়োজন অনুযায়ী সময়ে ভারত সফর করবেন বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেছেন, অন্য কোনো পক্ষ সফরের সময় নির্ধারণ করে দিলে বাংলাদেশ সেই সিদ্ধান্ত অনুযায়ী চলবে না।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চিফ হুইপ।

নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ফলে কোনো দেশের নির্ধারিত সময়সূচি বা নির্দেশনার ওপর ভিত্তি করে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সিদ্ধান্ত নেওয়া হবে না। বাংলাদেশের প্রয়োজন, সুবিধা ও জাতীয় স্বার্থ বিবেচনায় নিয়েই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। কোনো প্রতিবেশী দেশকেই বাংলাদেশ উপেক্ষা করে না। প্রধানমন্ত্রীর নীতি ‘সবার আগে বাংলাদেশ’। তাই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যেভাবে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব, সেভাবেই কাজ করা হবে।

চিফ হুইপ বলেন, ভারত ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক মর্যাদা ও সমতার ভিত্তিতে বজায় রাখা হবে। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মানকে গুরুত্ব দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ১৬-১৭ বছরে দেশে নিপীড়ন, গুম ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অনেক ব্যক্তি ভারতে পালিয়ে গেছেন বলেও দাবি করেন নুরুল ইসলাম মনি। তিনি বলেন, বাংলাদেশ প্রত্যাশা করে ভারত কোনো অপরাধীকে আশ্রয়-প্রশ্রয় দেবে না।

তিনি আরও বলেন, ভারত যদি বাংলাদেশের কল্যাণ চায়, তাহলে যারা দেশের গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংস করেছে, তাদের কোনোভাবেই আশ্রয় দেওয়া উচিত নয়।

মন্তব্য করুন