Logo
×

Follow Us

জাতীয়

মেধাবীদের হাতেই গড়বে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

মেধাবীদের হাতেই গড়বে আগামীর বাংলাদেশ: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

 

মেধাবী ও নৈতিকতাসম্পন্ন তরুণদের হাত ধরেই উন্নত বাংলাদেশ গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তাঁর প্রত্যাশা, একদিন বিশ্বসভায় বাংলাদেশ একটি নেতৃত্বদানকারী জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি মেধাবী তরুণ সমাজ। নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে তরুণদের গড়ে তুলতে পারলে তাদের নেতৃত্বেই ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণ সম্ভব। এ কারণে মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহিত ও সম্মানিত করার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে পদক, অভিনন্দনপত্র এবং দুই হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হয়।

সংবর্ধিত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ড. মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভরতার দর্শন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শিক্ষা বিস্তারের ধারাবাহিকতায় বর্তমান সরকার শিক্ষায় বাজেট বাড়ানোর পাশাপাশি ব্যাপক সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে।

স্কাউটিংয়ের কার্যক্রম আরও বিস্তৃত করতে সরকারের বিশেষ বরাদ্দের কথাও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি জানান, কাব, স্কাউট, গার্লস গাইড ও রোভারদের জন্য পৃথক স্কিম গ্রহণ এবং অতিরিক্ত অর্থ বরাদ্দের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

মাদকমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে প্রাথমিক পর্যায় থেকেই নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ড. মিলন। তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যক্রমে খেলাধুলা, সংস্কৃতি, নৈতিকতা ও মূল্যবোধ এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা ও আনন্দময় শিখন যুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২২ লাখ প্রাথমিক শিক্ষার্থীর অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট, বিনামূল্যে পোশাক বিতরণ এবং মিড-ডে মিল চালুর উদ্যোগও বাস্তবায়ন করা হচ্ছে।

শিক্ষার্থীদের শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ বিকাশে স্কাউটিংয়ের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্কাউট সদস্যরা জনসেবায় আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা স্কাউটিংয়ের চেতনা ও দায়িত্ববোধেরই প্রতিফলন।

শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মান করার পাশাপাশি সততা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ স্কাউটসের সভাপতি নাসিমুল গনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহার এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ স্কাউটসের উপ-প্রধান জাতীয় কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

মন্তব্য করুন