Logo
×

Follow Us

জাতীয়

স্পিকারের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

স্পিকারের সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

ছবি: জাতীয় সংসদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফর, রোহিঙ্গা সংকট ও প্রত্যাবাসন এবং দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্কের মূল ভিত্তি হওয়া উচিত দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সম্পর্ক। পারস্পরিক শ্রদ্ধা এবং উভয় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান রেখে এ সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলাদেশ-ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের টানাপোড়েনের মধ্য দিয়ে অগ্রসর হয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ঐতিহাসিক এ সম্পর্ক সময় ও পরিস্থিতির সঙ্গে বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয়েছে।

তিনি অভিযোগ করেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনকে সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছে। তাঁর ভাষ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে আবারও গণতন্ত্রের পথে অগ্রযাত্রার সুযোগ তৈরি হয়েছে।

স্পিকার আরও বলেন, শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক মূলত সরকারকেন্দ্রিক ছিল।

ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও শক্তিশালী করার মাধ্যমে তাদের আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান তিনি।

এ সময় ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আমন্ত্রণ জানান ভারতীয় হাইকমিশনার। একই সাথে বাংলাদেশ ও ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

সাক্ষাতে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন