Logo
×

Follow Us

জাতীয়

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পিএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখনো সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই ভারত সফর করবেন। এ সফর নিয়ে দুই দেশের মধ্যে পুনরায় আলোচনা চলছে। তবে কবে সফর হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই। সফরের তারিখ ও কর্মসূচি চূড়ান্ত হলে তা জানানো হবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফরে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা এবং উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সফরসূচি বা আনুষ্ঠানিক কর্মসূচি নির্ধারণ করা হয়নি।

এদিকে গত ২৯ আগস্ট ভারতে আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশের হস্তক্ষেপে বাতিল হওয়ার বিষয়টিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে বলে জানান হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপকে বাংলাদেশ ইতিবাচক হিসেবেই বিবেচনা করেছে।

ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা কিংবা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করা বিভিন্ন অপরাধী ও দুষ্কৃতিকারীদের বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভারত থেকে পালিয়ে আসা কোনো দুষ্কৃতিকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না। একইভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতিকারীকে ভারত আশ্রয় দেবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

দুই দেশের মধ্যে পলাতক ও অপরাধীদের বিষয়ে পারস্পরিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন হুমায়ুন কবির। কোনো দেশ যাতে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়, সে জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি স্পষ্ট করে বলেন, কোনো ধরনের চাপের কারণে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হয়নি। বাংলাদেশের প্রয়োজন ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনা করেই উড়োজাহাজ কেনার বিষয়টি দেখা হচ্ছে।

হুমায়ুন কবির বলেন, বাংলাদেশকে একটি গুরুত্বপূর্ণ এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের। দেশের বিমান পরিবহন খাতের ভবিষ্যৎ সম্প্রসারণ, আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো এবং বাংলাদেশকে আঞ্চলিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার অংশ হিসেবেই উড়োজাহাজ কেনার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির রাজনৈতিক ভূমিকা নিয়েও মন্তব্য করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

দেশের গণতন্ত্র যখনই সংকট বা ঝুঁকির মুখে পড়েছে, তখনই বিএনপি সামনে থেকে ভূমিকা রাখার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন হুমায়ুন কবির।

মন্তব্য করুন