স্থানীয় সরকার নির্বাচন হবে নিরপেক্ষ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পিএম
ছবিঃ বাসস
চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।
মীর শাহে আলম বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিক এবং জনগণের ভোটে নির্বাচিত। তাই চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত রয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হবে।
তিনি জানান, ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাতে এসে স্থানীয় সরকার নির্বাচন বিষয়ে তাঁর দেশের অভিজ্ঞতা তুলে ধরেছেন। বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনেও ভারতের অভিজ্ঞতা কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, সৌজন্য সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্কের পাশাপাশি রাজনীতি ও অর্থনীতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ভারতের অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় বিষয়গুলো বিবেচনায় নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারতীয় হাইকমিশনারের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।
বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)