Logo
×

Follow Us

জাতীয়

আগামী দুই বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

আগামী দুই বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

ছবিঃ পিআইডি

আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। নতুন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাসের অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পূর্ণাঙ্গ উৎপাদন এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার ফলে বিদ্যুৎ পরিস্থিতির বড় ধরনের উন্নতি হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।

বর্তমান বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে জাহেদ উর রহমান বলেন, জ্বালানি ঘাটতি, কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ায় বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে।

শহর ও গ্রামের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে বৈষম্য কমানোর কথা উল্লেখ করে তিনি বলেন, আগে বড় শহরগুলোকে তুলনামূলকভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে গিয়ে গ্রামাঞ্চলে বেশি লোডশেডিং করা হতো। বর্তমানে সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী শহর ও গ্রামের মধ্যে সাময়িক বিদ্যুৎ সংকটের চাপ তুলনামূলকভাবে সমানভাবে বণ্টন করা হচ্ছে।

বিদ্যুৎ খাতের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে উপদেষ্টা বলেন, নতুন এফএসআরইউ স্থাপনে দেড় থেকে দুই বছর সময় লাগতে পারে। এটি চালু হলে এলএনজি আমদানির সক্ষমতা বাড়বে। পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে ৫০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। বাপেক্সের উদ্যোগে ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজও চলছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়ে তিনি জানান, চলতি সেপ্টেম্বরেই পরীক্ষামূলক চালুর প্রক্রিয়া শুরু হবে। আগামী বছর থেকে কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে বলে আশা করা হচ্ছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আগের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য ও নিরবচ্ছিন্ন হবে।

প্রেস ব্রিফিংয়ে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়েও তথ্য উপদেষ্টা কথা বলেন। তিনি জানান, সরকারের কূটনৈতিক তৎপরতার ফলে মালয়েশিয়া বিমান ভাড়াসহ কোনো খরচ ছাড়াই ১০ হাজার নতুন বাংলাদেশি কর্মী নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

তিনি জানান, আগের ২৫টি অনুমোদিত প্রধান রিক্রুটিং এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি প্রতিষ্ঠানকে সহযোগী রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী পাঠানোর সুযোগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে আগের রিক্রুটিং সিন্ডিকেটের বাইরে আরও বেশি প্রতিষ্ঠানকে শ্রমবাজারে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশে শিশু নিখোঁজের ঘটনা নিয়ে আলোচনায় জাহেদ উর রহমান বলেন, এটি হঠাৎ তৈরি হওয়া কোনো নতুন সংকট নয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে ১৩ হাজার ৮৭৬টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরবর্তী সাত মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৭১৭টিতে। নিখোঁজের প্রতিটি ঘটনায় সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

সারের মজুত নিয়েও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে দেশে ইউরিয়া, টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন ধরনের মোট ১২ লাখ ৮৬১ মেট্রিক টন সার মজুত রয়েছে। গত বছরের একই সময়ে মজুত ছিল প্রায় ১২ লাখ মেট্রিক টন। সরবরাহ ও বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকদের কাছে সময়মতো সার পৌঁছাতে সরকার কাজ করছে।

সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিরাপত্তার প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় এনে সংবাদকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনি উদ্যোগ নেওয়া হবে।

ব্রিফিংয়ে ব্যাটারিচালিত রিকশার মেকানিক্যাল স্পেসিফিকেশন ও চলাচলের রুট নির্ধারণে নতুন বিধিমালা তৈরির কথা জানান তিনি। স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

নতুন পে-স্কেলে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের চিকিৎসা ও পরিচর্যার বিষয় বিবেচনায় মাসে ৩ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখার কথাও জানান তথ্য উপদেষ্টা।

এ ছাড়া চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের সহযোগিতায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনবে বলে ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন