Logo
×

Follow Us

জাতীয়

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পিএম

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বৃক্ষরোপণ ও মাছ অবমুক্ত করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বৃক্ষরোপণ এবং ক্রিসেন্ট লেকে মাছ অবমুক্ত করেন তিনি।

এর আগে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারম্যান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব কার্যক্রমে অংশ নেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য, যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে দলটি ১ থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত পাঁচ দিনব্যাপী কর্মসূচি পালন করছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয় মঙ্গলবার ভোরে। এ সময় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব জহিরুল ইসলাম শাকিল উপস্থিত ছিলেন। মেডিকেল ক্যাম্পে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে আগামী ৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ‘বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্তব্য করুন