প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অবসানের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।
তিনি বলেন, জনগণের কাছে জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়েই বিএনপি তাদের ভালোবাসার প্রতিদান দিতে চায়। বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অক্ষুণ্ন রেখে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা দেশসেবায় নিজেদের নিয়োজিত রাখবেন। আগামী দিনেও তারা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তারেক রহমান বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর মতে, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ইতিহাসে বিএনপির প্রতিষ্ঠা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
তিনি বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি একদলীয় ‘বাকশাল’ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের বাকস্বাধীনতা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের পথ সংকুচিত করা হয়েছিল। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জিয়াউর রহমান দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার অধিকার ফিরিয়ে দেন। এর ধারাবাহিকতায় বিএনপির প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে বহুমাত্রিক গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয় বলে তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারেক রহমান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতিও শ্রদ্ধা জানান তিনি। তারেক রহমান বলেন, খালেদা জিয়ার নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকার কারণে বিএনপি দেশের মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে যায়।
বিএনপির চেয়ারম্যান আরও বলেন, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়ও বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে ভূমিকা পালন করেছে। বিভিন্ন সময়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়লে দলের নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা আত্মত্যাগ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।
গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে যারা প্রাণ দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের প্রতিও শ্রদ্ধা জানান তারেক রহমান।
তিনি বলেন, দেশে যখনই জনগণ অবাধ, সুষ্ঠু ও নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। বিভিন্ন সময়ে বিএনপি সরকার সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, নারীশিক্ষার প্রসারসহ গণতন্ত্রকে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও তিনি দাবি করেন।
দেশের গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বিএনপির বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণের কাছে দলটি এখন অন্যতম জনপ্রিয় রাজনৈতিক শক্তি। বিএনপি বিশ্বাস করে, গণতন্ত্রকামী জনগণই দলের সব রাজনৈতিক ক্ষমতার উৎস।
তার ভাষায়, একটি জনকল্যাণমূলক, গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামের সঙ্গে বিএনপির রাজনৈতিক পথচলা ওতপ্রোতভাবে জড়িত।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)