Logo
×

Follow Us

জাতীয়

চীন সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল: মাহদী আমিন

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৭:৫৭ পিএম

চীন সফর অত্যন্ত ফলপ্রসূ ও সফল: মাহদী আমিন

ছবিঃ বাসস

কারিগরি শিক্ষার উন্নয়ন, শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে চীনের সাথে বাংলাদেশের সহযোগিতার নতুন দ্বার খুলেছে। সম্প্রতি তিন দিনের চীন সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও সফল হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন।

সোমবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে সফরের বিভিন্ন অর্জন তুলে ধরেন তিনি।

ড. মাহদী আমিন বলেন, স্বল্প ব্যয়ে মানসম্মত ও কার্যকর কারিগরি শিক্ষা প্রদানের ক্ষেত্রে চীন আন্তর্জাতিকভাবে সুপরিচিত। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল চীনের ৫০টিরও বেশি শীর্ষস্থানীয় কারিগরি ও বৃত্তিমূলক বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট এবং শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছে।

তিনি বলেন, সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো বাংলাদেশের কারিগরি শিক্ষার শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট প্রাতিষ্ঠানিক সহযোগিতার ভিত্তি তৈরি হওয়া।

সফরকালে ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়। একই সাথে ‘চায়না-বাংলাদেশ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশন ইন্টিগ্রেশন ইন্টারন্যাশনাল সার্ভিস সেন্টার’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে কারিগরি শিক্ষা খাতে সহযোগিতা আরও বিস্তৃত করতে তিনটি নতুন প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। এগুলো হলো—চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং সেন্টার, বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ+ স্কিল ডেভেলপমেন্ট’ সহযোগিতা কেন্দ্র।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, তরুণদের দক্ষ জনশক্তিতে পরিণত করে দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যেই কারিগরি শিক্ষার সঙ্গে চীনা ভাষা শেখার সুযোগ যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও শ্রমবাজারে কর্মসংস্থানের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে।

তিনি আরও বলেন, শিক্ষার লক্ষ্য শুধু সনদ অর্জন নয়; অর্জিত দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তর করাই শিক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান উদ্দেশ্য। এ জন্য আন্তর্জাতিক বৃত্তির সুযোগ বাড়ানো, যৌথ ডিগ্রি চালু এবং তৃতীয় ভাষা হিসেবে চীনা ভাষা শেখার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।

চীন থেকে বাংলাদেশে আসা কারিগরি বিশেষজ্ঞ ও শিক্ষকদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। তাঁর আশা, এসব উদ্যোগ বাংলাদেশের তরুণদের বৈশ্বিক শ্রমবাজারে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে।

সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন