Logo
×

Follow Us

জাতীয়

স্বাস্থ্যখাতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:০৪ পিএম

স্বাস্থ্যখাতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

দেশের মাতৃ, নবজাতক ও শিশু স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে বাংলাদেশকে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এ সহায়তার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।

মার্কিন দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সহায়তার আওতায় নবজাতকের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখা ও শ্বাসপ্রশ্বাসে সহায়তার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে প্রয়োজনীয় উপকরণ রয়েছে।

এর অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বিষয়ক একটি প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে এটি হস্তান্তর করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের অর্থায়নে এফএইচআই ৩৬০, জেএইচপিআইজিও, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোও এ সহায়তার আওতায় থাকছে।

মার্কিন দূতাবাসের ভাষ্য অনুযায়ী, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা আরও শক্তিশালী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবন এগিয়ে নেওয়ার লক্ষ্যেও এ উদ্যোগ ভূমিকা রাখছে। ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’র আওতায় এই সহায়তা দেওয়া হচ্ছে।

দেশের সব অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা উন্নয়নে এ ধরনের সহায়তা দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

মন্তব্য করুন