আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:০১ পিএম
সংগৃহীত ছবি
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ এবং সুস্থ সমাজ গঠনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।
তিনি বলেন, গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করতে হবে। দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে জনগণের আস্থা আরও শক্তিশালী করা সম্ভব।
ঢাকা জেলা আইনশৃঙ্খলা ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী সোমবার ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মাদককে দেশের অন্যতম বড় সামাজিক সমস্যা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, মাদকের বিস্তারের সঙ্গে বিভিন্ন ধরনের অপরাধও বাড়ছে। এ কারণে মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।
কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন ও সমাজের সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, অতীতে কিশোর গ্যাংয়ের বিস্তার ঘটেছে এবং এর নেতিবাচক প্রভাব সমাজের বিভিন্ন স্তরে পড়েছে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।
সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণ ও সুশাসন নিশ্চিত করাকে প্রধান দায়িত্ব হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ দর্শন ধারণ করে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এতে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বাড়বে।
পরিবেশ সংরক্ষণের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। নদী দূষণ রোধ, শিল্পবর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং নগর পরিবেশের ভারসাম্য বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় সভাপতিত্ব করেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)