Logo
×

Follow Us

জাতীয়

স্পিকারের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ অনুষ্ঠিত

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৭ পিএম

স্পিকারের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ অনুষ্ঠিত

স্পিকারের সাথে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপির সাথে সাক্ষাৎ করেছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের জনগণ বরাবরই গণতন্ত্রের পক্ষে। গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতার জন্য দেশের মানুষ বিভিন্ন সময়ে আত্মত্যাগ করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জীবন উৎসর্গ করেছে বলে উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলেও দেশে তখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীন রাষ্ট্রের জন্ম হলেও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার পথ সহজ ছিল না। পরবর্তী সময়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে গণতন্ত্রের সূচনা হয় বলে তিনি মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী, জিয়াউর রহমান দেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রপতি হিসেবে পরিচিতি লাভ করেন।

দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস তুলে ধরে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় নির্বাচন ছিল প্রহসনের নির্বাচন। এসব নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন এবং দেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে বলে তিনি দাবি করেন। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে স্বৈরাচারের অবসান ঘটে বলেও উল্লেখ করেন তিনি।

স্পিকার আরও বলেন, সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম অবাধ, প্রতিযোগিতাপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ দায়িত্ব পালন করছে বলেও তিনি জানান।

আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। গণতান্ত্রিক সংস্কার ও প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বর্তমান প্রজন্মের দায়বদ্ধতা পূরণ করা সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে একটি কার্যকর ও শক্তিশালী সংসদ প্রতিষ্ঠা করা সম্ভব।

বৈঠকে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও সাধারণ পরিষদে বাংলাদেশের ভূমিকা, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সমুদ্রসীমা-সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, চিফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, আইপিইউ প্রতিনিধি দলের সদস্যরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন