Logo
×

Follow Us

জাতীয়

আরও বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ১১:১৯ এএম

আরও বোয়িং কিনছে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

ফাইল ছবি

যুক্তরাষ্ট্র থেকে আরও বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে নতুন চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এ চুক্তিকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে উল্লেখ করেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর।

রোববার (৩০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বলেন, চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ‘অসাধারণ চুক্তি’ করেছেন। এর আওতায় বাংলাদেশ আরও বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

তবে নতুন চুক্তির আওতায় বাংলাদেশ কতটি উড়োজাহাজ কিনবে বা কোন মডেলের বোয়িং কেনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন এই বিশেষ দূত। তিনি জানান, আগের প্রাথমিক ক্রয়াদেশও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

চুক্তির মোট আর্থিক মূল্য সম্পর্কেও কোনো নির্দিষ্ট তথ্য দেননি সার্জিও গোর। তাঁর বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ৩০ জুলাই ঢাকা সফরে এসেছিলেন সার্জিও গোর। তাঁর সফরের প্রায় এক মাস পর নতুন করে বোয়িং কেনার চুক্তির বিষয়টি সামনে এলো। তবে ওই সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনা হয়েছিল কি না, তা জানা যায়নি। সে সময় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে গোরের সঙ্গে আলোচনা হয়েছে।

এর আগে ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য আলোচনা চলার সময় বাংলাদেশ বোয়িং উড়োজাহাজ কেনার পরিকল্পনা বাড়ায়। প্রথমে ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ২৫টি করা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যেই এসব উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেওয়া হয়েছিল। নতুন চুক্তির ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থার বহর সম্প্রসারণের উদ্যোগ আরও বড় পরিসরে এগোতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন