সংগৃহীত ছবি
উত্তরাঞ্চলের তিন দিনের সফরের অংশ হিসেবে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারাজ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। রোববার (৩০ আগস্ট) দুপুরে স্ত্রী মিসেস ডিয়ান ডাও এবং মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে তিনি দেশের অন্যতম বৃহৎ সেচ প্রকল্পের এ এলাকা পরিদর্শন করেন।
রোববার সকাল সোয়া ৯টার দিকে বিমানযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান মার্কিন রাষ্ট্রদূত। সেখান থেকে প্রায় সকাল ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে প্যারাগন গ্রুপ পরিচালিত ‘প্যারাগন ডেইরি’ পরিদর্শন করেন তিনি। পরে তিস্তা ব্যারাজের উদ্দেশে রওনা হন।
তিস্তা ব্যারাজ এলাকায় পৌঁছে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান অবস্থা, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সরেজমিনে ধারণা নেন। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা তাকে তিস্তার পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানির সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর পড়া প্রভাব সম্পর্কে অবহিত করেন।
পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহা. সরফরাজ বান্দা জানান, মতবিনিময়ের সময় রাষ্ট্রদূত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকায় বসবাসকারী মানুষের সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পরে তিস্তা ব্যারাজ এলাকার পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজ ‘অবসর’-এ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি।
পরিদর্শনের সময় তিস্তা ব্যারাজের প্রাকৃতিক সৌন্দর্য ও চারপাশের সবুজ পরিবেশে মুগ্ধ হন রাষ্ট্রদূত ও তাঁর স্ত্রী। তারা ব্যারাজ এলাকায় ছবি তোলেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন।
রাষ্ট্রদূতের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের কর্মকর্তারা। এ ছাড়া ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আহ্বায়ক শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, রংপুর উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আহসান হাবিব ও প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে বেলা ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজের উদ্দেশে রওনা হন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরসূচি অনুযায়ী, সেখানে তিনি রাতযাপন করবেন।
তিন দিনের উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিন সোমবার (৩১ আগস্ট) ভোরে পঞ্চগড়ের মহানন্দা নদী পরিদর্শনের কথা রয়েছে তাঁর। এরপর সকাল ১০টায় বাংলাবান্ধা জিরো পয়েন্টের চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট এবং দুপুর ১২টার দিকে পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করবেন তিনি।
সোমবার বিকেলে পঞ্চগড় মহিলা কলেজে অবস্থিত রকস মিউজিয়াম এবং গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনের কথা রয়েছে। ওই দিন রাতে ঠাকুরগাঁওয়ের ইএসডিও গেস্ট হাউজে অবস্থান করবেন মার্কিন রাষ্ট্রদূত।
সফরের শেষ দিন মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামের ঐতিহ্যবাহী ‘সূর্যপুরী আম’ গাছ পরিদর্শন করবেন তিনি। এরপর দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ পরিদর্শন করবেন।
পরে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনসংলগ্ন ১১১ একর জমিতে নির্মিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শনের কথা রয়েছে। সেখান থেকে বিকেল ৩টা ২০ মিনিটে রেলপথে সৈয়দপুরের উদ্দেশে রওনা দেবেন তিনি। সৈয়দপুরে দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শনের পর চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চেও যাওয়ার কথা রয়েছে। পরে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
এদিকে মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে নীলফামারীতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সফর নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)