Logo
×

Follow Us

জাতীয়

মির্জা ফখরুলের আসনসহ ১১ আসনের সীমানা নিয়ে ইসির নতুন গেজেট

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৬:০৮ পিএম

মির্জা ফখরুলের আসনসহ ১১ আসনের সীমানা নিয়ে ইসির নতুন গেজেট

ফাইল ছবি

দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা সংশোধন করে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদকে সংশ্লিষ্ট সংসদীয় আসনের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এসব পরিবর্তনের ফলে বাস্তবে আসনগুলোর ভৌগোলিক সীমানায় বড় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

রোববার (৩০ আগস্ট) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। নতুন গেজেট অনুযায়ী সংশোধিত আসনগুলো হলো—ঠাকুরগাঁও-১, বগুড়া-২, পিরোজপুর-১, ময়মনসিংহ-১০, ব্রাহ্মণবাড়িয়া-৩ ও ৪, কুমিল্লা-৩, লক্ষ্মীপুর-২ ও ৩, চট্টগ্রাম-২ এবং কক্সবাজার-১।

ইসির গেজেট অনুযায়ী, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে পরিবর্তন আনা হয়েছে। ঠাকুরগাঁও সদর উপজেলা নিয়ে গঠিত এ আসনের সঙ্গে রুহিয়া ও ভুল্লী উপজেলা যুক্ত করা হয়েছে। সদর উপজেলা পুনর্গঠন করে এ দুটি নতুন উপজেলা গঠন করা হয়। গত মে মাসে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপজেলা দুটির অনুমোদন দেওয়া হয়েছিল।

বগুড়া-২ আসনে শিবগঞ্জ উপজেলার পাশাপাশি নতুন গঠিত মোকামতলা উপজেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত মে মাসে নিকার সভায় মোকামতলা উপজেলা অনুমোদন পায়।

ময়মনসিংহ-১০ আসনে গফরগাঁও উপজেলার সঙ্গে যুক্ত হয়েছে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা। গত জুলাইয়ে নিকার সভায় এ উপজেলার অনুমোদন দেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আখাউড়া উপজেলার বরিশল ইউনিয়ন পরিষদ যুক্ত করা হয়েছে। বরিশল ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সীমানা নির্ধারণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। গত মে মাসে এর অনুমোদন দেওয়া হয়েছিল।

কুমিল্লা-৩ আসনের সীমানায় মুরাদনগর উপজেলার সঙ্গে নতুন বাঙ্গরা উপজেলা যুক্ত করা হয়েছে। গত জুলাইয়ে নিকার সভায় বাঙ্গরা উপজেলা অনুমোদন পায়।

এদিকে চট্টগ্রাম-২ আসনে ফটিকছড়ি উপজেলার সঙ্গে নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। কক্সবাজার-১ আসনে যুক্ত হয়েছে নতুন গঠিত মাতারমুহুরি উপজেলা।

ইসি সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক পুনর্বিন্যাসের কারণে নতুন উপজেলা ও ইউনিয়ন পরিষদ সৃষ্টি হওয়ায় সংসদীয় আসনের গেজেটে এসব পরিবর্তন আনা হয়েছে। ফলে কাগজে-কলমে আসনের সীমানায় সংশোধন হলেও ভোটার বা এলাকার বাস্তব অবস্থানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হচ্ছে না।

মন্তব্য করুন