আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
গত ছয় মাসে দেশে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় গুমের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তবে মোংলায় মিরাজ শেখের গুমের অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) দুপুরে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।
আইনমন্ত্রী বলেন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিরা যতই প্রভাবশালী বা ক্ষমতাবান হোক, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। এ বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে। বিচারপ্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হলেও তা উল্লেখযোগ্যভাবে এগিয়েছে এবং নির্ধারিত আইনি প্রক্রিয়ার মধ্যেই বিচারকাজ পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, সরকার এমন কোনো বিচার করতে চায় না, যেটি তাড়াহুড়ো করে সম্পন্ন হয়েছে বা যেখানে ন্যায়বিচার নিশ্চিত হয়নি—এমন প্রশ্ন ওঠার সুযোগ থাকে। লোক দেখানো কিংবা বিতর্কিত বিচার নয়, যথাযথ আইন ও প্রক্রিয়া অনুসরণ করেই গুমের সঙ্গে জড়িতদের বিচার নিশ্চিত করা হবে।
গুম প্রতিরোধ আইন সংসদে উত্থাপনের সময় বিরোধী পক্ষের ওয়াকআউটের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। এ ধরনের কর্মকাণ্ডকে ‘সুস্থ ধারার রাজনীতি’ বলা যায় কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
আইনমন্ত্রী জানান, গুমের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকার আইনি সহায়তা দিচ্ছে। পাশাপাশি ভবিষ্যতে যাতে দেশে আর কোনো ব্যক্তি গুমের শিকার না হন, সে লক্ষ্যেও সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বক্তব্য দেন। এ সময় গুম থেকে ফিরে আসা ব্যক্তি এবং নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া তুলে ধরেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)