ভূমি ব্যবস্থার আধুনিকায়নে UNDP’র সহযোগিতা চান ভূমিমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০৩:৪৩ পিএম
সংগৃহীত ছবি
ভূমি ব্যবস্থার আধুনিকায়ন, ওয়ান স্টপ সার্ভিস চালু ও সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে ইউএনডিপিসহ আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সাথে অংশীদারত্ব আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
রোববার (৩০ আগস্ট) ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এ বিষয়ে গুরুত্বারোপ করেন। সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
ভূমিমন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতা, প্রশিক্ষণ ও গবেষণায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ জোরদার করা প্রয়োজন। এ ক্ষেত্রে ইউএনডিপিসহ অন্যান্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন তিনি।
সাক্ষাতে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনও উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও ডিজিটালাইজেশনের বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে অবহিত করেন।
ভূমি সেবা ডিজিটালাইজেশনকে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকারি সেবা ডিজিটাল হলে জনগণের ক্ষমতায়ন বাড়ে এবং সরকারি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হয়। একই সঙ্গে এর মাধ্যমে ভূমিসেবায় মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও অনেকাংশে কমে আসে।
ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রড্রিগেজ বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ত্বরান্বিত করা, দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানো এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের গতি বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন তিনি। এ কাজে উন্নয়ন সহযোগী, সুশীল সমাজ, বেসরকারি খাত ও স্থানীয় জনগোষ্ঠীকেও সম্পৃক্ত করার কথা জানান তিনি।
স্টিভেন রড্রিগেজ বলেন, বাংলাদেশের উন্নয়নযাত্রায় ইউএনডিপির হয়ে অবদান রাখার সুযোগ পাওয়া তাঁর জন্য অত্যন্ত গর্বের। বাংলাদেশ সরকার, জনগণ ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে এরই মধ্যে অর্জিত সাফল্যগুলো এগিয়ে নেওয়ার পাশাপাশি মানুষের কল্যাণে নতুন, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক সমাধান তৈরির প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সৌজন্য সাক্ষাতে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ইউএনডিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)