Logo
×

Follow Us

জাতীয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন মাত্রা দিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১২:৪৪ পিএম

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কে নতুন মাত্রা দিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

ছবিঃ বাসস

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী ও কার্যকর অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দিতে চায় সরকার। এ লক্ষ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরে সফরটি সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার। পরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি ও অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি বাংলাদেশি প্রকৌশলীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি, যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ, খেলাধুলার সামগ্রী উৎপাদন এবং দুই দেশের মধ্যে নতুন অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সম্ভাবনাও উঠে আসে। এর পাশাপাশি ইলেকট্রিক গাড়ি আমদানি, নির্মাণ খাত ও হালাল খাদ্যপণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন দুই দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত অর্থনৈতিক সহযোগিতায় পরিণত করার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হতে পারে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন