Logo
×

Follow Us

জাতীয়

সারের কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম

সারের কৃত্রিম সংকট করলে কঠোর ব্যবস্থা

সংগৃহীত ছবি

দেশে সারের কোনো সংকট নেই দাবি করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বেশি দাম না দিলে সার পাওয়া যায় না—এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট খুচরা বিক্রেতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পেঁয়াজ ও পাটচাষিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

সারের সরবরাহ পরিস্থিতি তুলে ধরে মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, দেশের মোট চাহিদার তুলনায় প্রায় ১৫ লাখ টন বেশি সার আমদানি করা হয়। একই পরিমাণ সার নিরাপত্তা মজুদ হিসেবেও রাখা থাকে। ফলে দেশে সার সংকট তৈরি হওয়ার কোনো কারণ নেই।

তবে একটি মহল পরিকল্পিতভাবে বাজারে সারের সংকটের গুজব ছড়িয়ে দাম বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি। মন্ত্রীর ভাষ্য, কিছু খুচরা বিক্রেতা বাজারে সার নেই বলে প্রচার করলেও অতিরিক্ত টাকা দিলে তারাই আবার সার সরবরাহ করছেন। এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কথা জানান তিনি।

কৃষিপণ্যের আমদানি নির্ভরতা কমানোর ওপর গুরুত্ব দিয়ে কৃষিমন্ত্রী বলেন, পাট ও পেঁয়াজের বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণের ক্ষেত্রে বিদেশের ওপর নির্ভরতা কমাতে সরকার কাজ করছে। দেশের চাহিদা দেশীয় উৎপাদনের মাধ্যমে পূরণ করাই কৃষি খাতে সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

তিনি বলেন, ভবিষ্যতে শুধু আমদানি নির্ভরতা কমানো নয়, বরং দেশে উৎপাদিত কৃষিপণ্য বিদেশে রপ্তানি করার সক্ষমতা তৈরি করতে হবে। কাঁচামরিচ, আদা, রসুনসহ নিত্যপ্রয়োজনীয় কৃষিপণ্যের উৎপাদন বাড়িয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আরও পরিশ্রম করার আহ্বান জানান তিনি।

সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি সরকার কৃষিবান্ধব সরকার। ক্ষমতায় থাকাকালে কৃষকদের জীবনমান ও ভাগ্যোন্নয়নে দলটি গুরুত্ব দিয়ে কাজ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। এর আগে কৃষিমন্ত্রী ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পৃথক মতবিনিময় করেন।

মন্তব্য করুন