Logo
×

Follow Us

জাতীয়

বিকেলে বাড়ছে লোডশেডিং, শঙ্কা রাতেও

Icon

প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

বিকেলে বাড়ছে লোডশেডিং, শঙ্কা রাতেও

ফাইল ছবি

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) দিনের দ্বিতীয়ার্ধে লোডশেডিং উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)–এর তথ্য অনুযায়ী, বিকেল ৫টার দিকে সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। সন্ধ্যার পর কিছুটা কমলেও রাতেও বিদ্যুতের ঘাটতি ভোগাতে পারে গ্রাহকদের।

পিজিসিবির শনিবারের বিদ্যুৎ পরিস্থিতির তথ্য বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টায় সম্ভাব্য লোডশেডিং ধরা হয়েছে ১ হাজার ৩ মেগাওয়াট। দুপুর ১২টায় তা বেড়ে ১ হাজার ২০৩ মেগাওয়াট হতে পারে।

বিকেলের দিকে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, দুপুর ২টায় লোডশেডিং হতে পারে ১ হাজার ৪৭১ মেগাওয়াট। বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়াতে পারে ২ হাজার ৪৮৩ মেগাওয়াটে। এরপর বিকেল ৪টায় ২ হাজার ৫৯৩ মেগাওয়াট এবং বিকেল ৫টায় দিনের সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

সন্ধ্যায় বিদ্যুতের ঘাটতি কিছুটা কমার সম্ভাবনা থাকলেও রাতের দিকে আবার তা বাড়তে পারে। সন্ধ্যা ৬টায় ২ হাজার ২১৬ মেগাওয়াট, সাড়ে ৬টায় ১ হাজার ৫২৮ মেগাওয়াট এবং সন্ধ্যা ৭টায় ২ হাজার ৭৭০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে বলে পিজিসিবির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

রাত ৮টায় সম্ভাব্য লোডশেডিং ২ হাজার ৫৫০ মেগাওয়াট এবং রাত ৯টায় ২ হাজার ৭০৩ মেগাওয়াট হতে পারে। অর্থাৎ সন্ধ্যার পরও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি পুরোপুরি কাটার সম্ভাবনা নেই।

পিজিসিবির তথ্য অনুযায়ী, শনিবার রাত ৯টার দিকে দেশে বিদ্যুতের চাহিদা দিনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। এ সময় চাহিদা ১৮ হাজার ৭৩০ মেগাওয়াটের বিপরীতে সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে ১৫ হাজার ৯০০ মেগাওয়াট। ফলে ওই সময়ে প্রায় ২ হাজার ৭০৩ মেগাওয়াট লোডশেডিং হতে পারে।

রাত ১০টায় বিদ্যুতের চাহিদা ১৭ হাজার ৯৭০ মেগাওয়াটের বিপরীতে উৎপাদন হতে পারে ১৫ হাজার ৭০০ মেগাওয়াট। এ সময়ে সম্ভাব্য লোডশেডিং ২ হাজার ১৬৮ মেগাওয়াট।

এর আগে গত কয়েক দিন ধরেও দেশে বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার মধ্যে বড় ধরনের ঘাটতি দেখা গেছে। নতুন করে শনিবারের পূর্বাভাসে দিনের পাশাপাশি রাতেও উল্লেখযোগ্য লোডশেডিংয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

মন্তব্য করুন