শহীদদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও নির্যাতন-নিপীড়নের শিকার মানুষের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামে আত্মত্যাগকারীদের যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নে সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত ও শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
সরকার সীমিত সম্পদের মধ্যেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সর্বোচ্চ সামর্থ্য নিয়ে থাকবে উল্লেখ করে তারেক রহমান বলেন, যেসব পরিবার অপূরণীয় ক্ষতির মুখোমুখি হয়েছে, সেই ক্ষতি কোনোভাবেই পূরণ করা সম্ভব নয়। তবে তাদের পাশে সরকার অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে।
অনুষ্ঠানে আবেগঘন বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের অনুষ্ঠান একই সঙ্গে বেদনাদায়ক ও স্মরণীয়। যাদের আজ দেশের মানুষের মাঝে থাকার কথা ছিল, তাদের অনেকেই আত্মত্যাগের কারণে আর নেই। তাদের ত্যাগের বিনিময়েই দেশের ২০ কোটি মানুষ ফ্যাসিস্ট শাসনব্যবস্থা থেকে মুক্তি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
যারা নিখোঁজ বা গুমের শিকার হয়েছেন, তারা বর্তমানে কোথায় এবং কী অবস্থায় আছেন, তা একমাত্র আল্লাহই জানেন উল্লেখ করে প্রধানমন্ত্রী তাদের জন্য দোয়া করার আহ্বান জানান।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতার পর বিভিন্ন সময়ের গণতান্ত্রিক আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণ-অভ্যুত্থানের আত্মত্যাগের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা, গুম-খুন ও নির্যাতনের শিকার গণতন্ত্রকামী মানুষ এবং জুলাই আন্দোলনের শহীদ ও ক্ষতিগ্রস্তদের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করবে।
তিনি বলেন, বাস্তব পরিস্থিতির কারণে সব উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব না হলেও সরকারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে। যারা দেশের মানুষের জন্য নিজেদের জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের মর্যাদা রক্ষা এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নকে সরকারের অন্যতম দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বড় অর্জনের পেছনে অনেক মানুষের বড় ত্যাগ রয়েছে। যারা বেঁচে আছেন, তারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের ত্যাগ ও সহযোগিতাই সরকারকে আরও উদ্যমের সঙ্গে কাজ করার সাহস জোগাচ্ছে।
শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সরকারের কাজে সহযোগিতা এবং উৎসাহ দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তাদের সমর্থন থাকলে শহীদ ও গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারী মানুষের স্বপ্ন বাস্তবায়নে সরকার আরও দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারবে।
অনুষ্ঠানে গুম-খুনের শিকার পরিবার এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা বক্তব্য দেন। তারা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের অনুভূতি ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি, হাসান শিপলু, সুজাউদ্দৌলা, শাহাদাৎ স্বাধীন, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক, শাহরিয়ার পামির এবং ‘আমরা বিএনপি পরিবারের’ সদস্য মোকছেদুল মোমিন মিথুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)