ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আরিফুল হক
প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১২:৩৯ পিএম
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল সিটির ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী এই সম্মেলন। উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ এ আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (BAC)।
সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা ও ব্যবসায়ী অংশ নেবেন। ৪ সেপ্টেম্বর বিকেল ৫টায় শুরু হবে উদ্বোধনী আয়োজন। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, আয়োজক ও নির্বাহী কমিটির নেতারাও বক্তব্য রাখবেন। পরে রাত ৯টায় নৈশভোজের আয়োজন থাকবে।
সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেবেন মন্ত্রী। সেখানে ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে আলোচনা এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে।
একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্ব। এতে আরিফুল হক চৌধুরী ছাড়াও উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতারা বক্তব্য দেবেন।
সফরকালে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দ্বিপক্ষীয় বাণিজ্য এবং আন্তর্জাতিক শ্রমবাজারসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন মন্ত্রী। কর্মসূচি শেষে ৮ সেপ্টেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন
logo-1-1772191739.png)